তালাশ প্রতিবেদক ॥
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জহিরুল ইসলাম যোগদানের পর থানার কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, সাধারণ মানুষকে হয়রানি, মামলা নিয়ে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।
পৃথক তিনটি ঘটনায় আটক ব্যক্তিদের পরিবার, মামলার বাদী-বিবাদী এবং ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনায় পুলিশের দায়িত্বশীল ভূমিকা ও থানার অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
ভুক্তভোগীদের বক্তব্য ও স্থানীয় পর্যায়ে অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৫, ৯ ও ১২ নভেম্বরের পৃথক তিনটি ঘটনায় মোট ৩২ হাজার টাকা আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে দুটি ঘটনায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে।
গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে কাউনিয়া থানাধীন কাকাশুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি হলুদ ইজিবাইক ও চার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, অভিযানের সময় অভি নামের এক ইজিবাইক চালক কৌশলে পালিয়ে যান।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ওই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও আইনি ব্যবস্থা গ্রহণ নিয়ে থানায় নানা ধরনের তৎপরতা চলে। একপর্যায়ে আটক তিনজনকে নিয়মিত মাদক মামলায় না জড়িয়ে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানোর প্রক্রিয়ার কথা বলে তাঁদের পরিবারের কাছ থেকে পুলিশ পরিদর্শক মহিউদ্দিন মাধ্যমে ১৮ হাজার টাকা নেওয়া হয়।
অন্যদিকে, পলাতক চালক অভিকে মামলার প্রধান আসামি করে ইজিবাইকটি জব্দ দেখানোর প্রস্তুতি নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ইজিবাইকের মালিক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
এ বিষয়ে সাংবাদিকরা ওসি মুহাম্মদ জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি প্রথমে দাবি করেন, আইনের বাইরে কিছু করা হচ্ছে না। আটক ব্যক্তিরা অটোরিকশার সাধারণ যাত্রী হওয়ায় তাঁদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।
তবে একই অভিযানে আটক ব্যক্তিদের ভিন্ন ভিন্ন আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে ওসি পুলিশ পরিদর্শক রিয়াজকে ডেকে পাঠান। এরপর আগের নথিপত্র বাতিল করে পলাতক চালকসহ চারজনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজুর নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানাজানি হওয়ার পর পরিদর্শক মহিউদ্দিনের মাধ্যমে নেওয়া ১৮ হাজার টাকা ফেরত দেওয়া হয়। টাকা ফেরতের সময় তিনি সাংবাদিকদের হস্তক্ষেপের বিষয়টি উল্লেখ করে মন্তব্য করেন, 'সাংবাদিকরা ভেটো দিয়েছেন, এখন আর সম্ভব না।'
এ ছাড়া ইজিবাইক মালিককে থানায় ডেকে নিয়ে পাঁচ বছরেও গাড়ি ছাড়াতে পারবেন না বলে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
গত (৯ নভেম্বর) কাউনিয়া থানাধীন ১ নম্বর ওয়ার্ডের ভাষু মিয়ার গলিতে চুরির একটি অভিযোগের ঘটনায় নতুন করে অনিয়মের অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, পুলিশ পরিদর্শক সাইফুল্লাহ ঘটনাস্থল থেকে চোরাই তার এবং অভিযুক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থানায় নিয়ে আসেন। পরবর্তী সময়ে থানার ওসির কক্ষে বাদী ও বিবাদীকে বসিয়ে মামলা করার বিষয়ে চাপ ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ করেন।
একপর্যায়ে পুলিশ পরিদর্শক সাইফুল্লাহর মাধ্যমে মামলার বাদী খলিলের কাছ থেকে পাঁচ হাজার টাকা এবং বিবাদীর কাছ থেকে তিন হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
তবে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুলিশ পরিদর্শক সাইফুল্লাহ আর্থিক লেনদেনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।
গত (৫ নভেম্বর) নগরীর বেলতলা খেয়াঘাট এলাকায় মোবাইল ফোন চুরির একটি ঘটনায় স্থানীয়রা এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে তাঁকে এসআই ইমামুলের কাছে সোপর্দ করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, আটক ব্যক্তিকে মারধরের পাল্টা অভিযোগ তুলে প্রকৃত মোবাইল ফোনের মালিক আবুল হোসেন ও তাঁর স্বজন রিন্টুকে থানায় আটকে রাখা হয়।
পরবর্তী সময়ে তাঁদের ডোপ টেস্ট করানোর ভয় দেখিয়ে ছয় হাজার টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় ভুক্তভোগী ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দার অভিযোগ, নতুন ওসি যোগদানের পর কাউনিয়া থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ নানা ধরনের হয়রানি ও অনিয়মের শিকার হচ্ছেন।
অভিযোগগুলোর মধ্যে মামলা গ্রহণ, আসামি চালান, জব্দ করা মালামাল এবং অভিযোগ নিষ্পত্তি ঘিরে আর্থিক লেনদেনের বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় পুলিশের ভাবমূর্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। তাঁদের মতে, অভিযোগগুলো সত্য হলে তা শুধু ব্যক্তিগত অনিয়ম নয়, বরং পুলিশের সেবামূলক দায়িত্ব ও আইনের শাসনের প্রতি মানুষের আস্থার জন্যও বড় ধরনের হুমকি।
অভিযোগগুলোর বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের দাবি, অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে বিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ বিভাগীয় তদন্ত পরিচালনা করা হোক। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে নির্দোষ কোনো কর্মকর্তা যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।