গোলাম রাব্বি॥
নবঘোষিত বরিশাল মহানগর যুবদলের কমিটিকে ঘিরে নগরীতে বড় ধরনের শোডাউন করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খন্দকার। হাজারো নেতাকর্মী নিয়ে তাঁর নেতৃত্বে বের হওয়া শুভেচ্ছা মিছিল স্লোগানে স্লোগানে মুখর করে তোলে নগরীর রাজপথ।
মিছিলটি প্রথমে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে পৌঁছায়। পরে নবগঠিত কমিটির অন্যান্য নেতাদের সঙ্গে সেখান থেকে আবারও বিশাল মিছিল বের হয়। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় স্লোগান, উচ্ছ্বাস আর নেতাকর্মীদের উপস্থিতিতে রাজপথে সৃষ্টি হয় উৎসবমুখর রাজনৈতিক আবহ।
নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর রাজু খন্দকারের নেতৃত্বে নেতাকর্মীদের এমন উপস্থিতি নগর যুবদলের রাজনীতিতে তাঁর সাংগঠনিক অবস্থান ও কর্মীসমর্থকদের সক্রিয়তার জানান দিয়েছে। শুভেচ্ছা মিছিলকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
রাজনৈতিক অঙ্গনে এমন বড় জমায়েত নবগঠিত কমিটিকে ঘিরে নেতাকর্মীদের প্রত্যাশা, উদ্দীপনা ও সাংগঠনিক তৎপরতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।