তালাশ প্রতিবেদক॥
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানাকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জহিরুল ইসলাম ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে এক ব্যক্তিকে বারবার হয়রানি, অর্থ দাবি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে।

 

সর্বশেষ ৫০ হাজার টাকা দাবির অভিযোগের পর অর্থ দিতে না পারায় ওই ব্যক্তিকে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালতে পাঠানো এবং পরবর্তীতে ছয় মাসের কারাদণ্ডের ঘটনায় প্রশ্ন তুলেছেন তার স্ত্রী আজমিন আক্তার।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর স্ত্রী।

 

লিখিত অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী মোহাম্মদ রফিকুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরে কাউনিয়া থানা পুলিশের হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন তার পরিবার।

 

পরিবারের অভিযোগ রয়েছে, এর আগেও তাকে থানায় নিয়ে ৩০ হাজার টাকা নেওয়া হয়েছিল।

 

অভিযোগের সূত্র ধরে জানা যায়, গত (১৫ নভেম্বর) বরিশাল নগরীর ভাটিখানা বাজারে অবস্থিত সুমনের নিজস্ব দোকান থেকে কাউনিয়া থানা পুলিশ তাকে জোরপূর্বক থানায় নিয়ে যায়। পরিবারের দাবি, তাকে আটকের সময় কাউনিয়া থানা পুলিশের কোনো সুনির্দিষ্ট অভিযোগ কিংবা গ্রেপ্তারের কারণ স্পষ্ট করা হয়নি।

 

ভুক্তভোগীর স্ত্রীর আরও অভিযোগ, ওই দিন তার কাছ থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র কিংবা অপরাধসংশ্লিষ্ট কোনো আলামত উদ্ধার করতে পারেনি পুলিশ তারপরও আমার স্বামীকে জোরপূর্বক সন্ত্রাসীর মত থানায় নিয়ে যায় পুলিশ।

 

আজমিন আক্তারের দাবি, কাউনিয়া থানার কনস্টেবল ফারুকের মাধ্যমে তার স্বামীর কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে সেই টাকা দিতে না পারায় পরদিন (১৬ নভেম্বর) তার স্বামীকে ব্রেথ টেস্ট করিয়ে সামারি ট্রায়ালের আওতায় আদালতে পাঠানো হয়।

 

পরবর্তীতে আদালতের আদেশে সুমনের ছয় মাসের কারাদণ্ড হয়েছে বলে পরিবার জানতে পারে। আর এতেই নতুন করে প্রশ্নের মুখে পড়েছে পুরো ঘটনাপ্রবাহ।

 

পরিবারের প্রশ্ন, ৫০ হাজার টাকা দাবির অভিযোগের সঙ্গে পরবর্তী আইনি পদক্ষেপের কোনো যোগসূত্র রয়েছে কি না? ব্রেথ টেস্টের ফলাফল কী ছিল? কোন আইন ও কী ধরনের প্রমাণের ভিত্তিতে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে? আটক থেকে আদালতে পাঠানো পর্যন্ত সব আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না?

 

এসব প্রশ্নের উত্তর পেতে ব্রেথ টেস্টের প্রতিবেদন, সংশ্লিষ্ট মামলা বা অভিযোগের নথি, গ্রেপ্তারসংক্রান্ত কাগজপত্র এবং আদালতের আদেশ যাচাইয়ের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্ত্রী।

 

আজমিন আক্তার তার লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন, পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করা। কোনো নাগরিক যেন পুলিশি হয়রানি, অর্থ দাবির অভিযোগ কিংবা ক্ষমতার অপব্যবহারের শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি ওসি মুহাম্মদ জহিরুল ইসলাম, কনস্টেবল ফারুক এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

 

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আট দফা দাবি তুলে ধরেছেন তিনি।

 

এর মধ্যে রয়েছে পূর্বের ৩০ হাজার টাকা লেনদেনের অভিযোগ, সর্বশেষ ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, পুলিশি হয়রানি এবং সামারি ট্রায়ালের মাধ্যমে কারাদণ্ডের পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করা।

 

অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তিনি।

 

এখন জনমনে বড় প্রশ্ন- আইনের রক্ষকের বিরুদ্ধে ওঠা অর্থ দাবি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি? নাকি ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচারের জন্য আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে?

 

ভুক্তভোগী সুমনের মা রুনু বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ তার ছেলের দোকানে গিয়ে বিভিন্ন সময় তল্লাশি চালাচ্ছে। এ সময় তার ছেলেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে সন্দেহ প্রকাশ করা হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো সুনির্দিষ্ট অভিযোগ কিংবা দালিলিক প্রমাণ দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি।

 

তিনি আরও বলেন, এর আগেও একাধিকবার পুলিশ তার ছেলেকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তখন তার ছেলে জানতে চেয়েছিল, তার অপরাধ কী এবং কেন তাকে থানায় নেওয়া হবে। কিন্তু (১৫ নভেম্বর) যেভাবে দোকান থেকে আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে, তা দেখে মনে হয়েছে যেন সে বড় কোনো অপরাধী, খুনি কিংবা মাদক ব্যবসায়ী।

 

রুনু বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় আরও অনেকেই ব্যবসা-বাণিজ্য করেন, কিন্তু তাদের ক্ষেত্রে এমন আচরণ করা হচ্ছে না। অথচ আমার ছেলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অপরাধের প্রমাণ না থাকা সত্ত্বেও কেন বারবার তাকে এবং তার পরিবারকে হয়রানির শিকার হতে হচ্ছে, তা তার বোধগম্য নয়।

 

তিনি এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

 

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।