তালাশ প্রতিবেদক ॥

সদ্য ঘোষিত বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি দলের ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

 

তিনি বলেছেন, ব্যক্তির আনুগত্য নয়, দলের প্রতি আনুগত্য থাকতে হবে। যেকোনো মূল্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।

 

বরিশাল নগরীর সদর রোডস্থ রহমাতুল্লাহর নিজ বাসভবনে সদ্য ঘোষিত বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।

 

এ সময় তিনি নেতাকর্মীদের সাংগঠনিক ঐক্য বজায় রাখা, দলের আদর্শ ও নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি পরিহার করে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

 

 

এসময় উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. হাবীবুল্লাহ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আল ইমরান এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ খান রনি প্রমুখ।