তালাশ প্রতিবেদকঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, সেখান থেকে প্রেমের সম্পর্ক। এরপর বিদেশ যাওয়ার কথা বলে বিভিন্ন সময়ে ছয় লাখ টাকা নেওয়া এবং বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠেছে বরিশালের চরমোনাই এলাকার সিকদারবাড়ির রিফাত সিকদারের বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত ও বিয়ের বিষয়ে কথা বলতে গিয়ে উল্টো ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা নিলুফা আক্তার (২৬)।

এ ঘটনায় নিলুফা আক্তার বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নিলুফা আক্তারের সঙ্গে ফেসবুকের মাধ্যমে রিফাত সিকদারের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে রিফাত বিদেশ যাওয়ার কথা বলে বিভিন্ন সময়ে নিলুফার কাছ থেকে মোট ছয় লাখ টাকা ধার নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে রিফাত তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন বলেও দাবি করেন নিলুফা।

অভিযোগকারীর দাবি, টাকা ফেরত চাইলে রিফাত বিভিন্ন সময় আজ-কাল করে তাঁকে ঘোরাতে থাকেন। একই সঙ্গে বিয়ের আশ্বাস দিয়েও বিষয়টি দীর্ঘদিন ধরে এড়িয়ে যান। একপর্যায়ে গত ১৬ নভেম্বর ২০১৬ তারিখ সকাল ১০টার দিকে বরিশালের কোতোয়ালি মডেল থানাধীন চরহোগলা এলাকায় রিফাতের বাড়িতে গিয়ে পাওনা টাকা ফেরত ও বিয়ের বিষয়ে কথা বলেন নিলুফা। এ সময় রিফাত তাঁদের প্রেমের সম্পর্ক অস্বীকার করেন এবং টাকা ফেরত না দিয়ে তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

নিলুফা আক্তার অভিযোগে আরও উল্লেখ করেন, তিনি তাঁর পাওনা ছয় লাখ টাকা উদ্ধার এবং বিয়ের প্রতিশ্রুতির বিষয়ে সুরাহা চান। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত রিফাত সিকদারের বক্তব্য পাওয়া যায়নি।