তালাশ প্রতিবেদকঃ
বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ১২ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজাসহ মুন্নী বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। পুলিশের দেওয়া তথ্যমতে, আটক মুন্নী বেগমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা চলমান রয়েছে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর রাতে কাউনিয়া থানাধীন বরিশাল সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মাইটিভির দক্ষিণ পাশের একটি গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাইটিভির দক্ষিণ পাশে ইঞ্জিনিয়ার হারুনের টিনশেড সেমিপাকা বাড়ির পূর্ব পাশের একটি কক্ষ থেকে মুন্নী বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক মুন্নী বেগম ওই বাড়ির ভাড়াটিয়া। তিনি মো. হানিফ মৃধার স্ত্রী এবং মৃত মুনসুর সরদারের মেয়ে।
স্থানীয় এলাকায় মাদকসংক্রান্ত অভিযোগে আলোচিত এই নারীকে আটকের ঘটনায় মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে।
মাদক কারবার ও এর বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযান অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।