প্রতিনিধি 3 October 2024 , 3:03:23 প্রিন্ট সংস্করণ

তানজিল জামান জয়, কলাপাড়া ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় বিভিন্ন সেক্টর থেকে ১৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখার সভাপতি মুফতি মো. হাবিবুর রহমানের দেওয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে উপজেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি হাজী হুমায়ুন সিকদার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মুফতি হাবিবুর রহমান কাল্পনিক কাহিনি সাজিয়ে যে বক্তব্য দিয়েছেন তা মনগড়া, মিথ্যা ও বানোয়াট।
এসব বক্তব্যের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আগামী সাত দিনের মধ্যে সাংবাদিকদের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান। তাতে ব্যর্থ হলে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন। উল্টো হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন নিরীহ লোকজনের থেকে চেক জমা দিয়ে নগদ অর্থ আত্মসাৎ করার পাল্টা অভিযোগ করেন তিনি ।










