বরিশাল

ভ্যাসলিন-লোশন-ক্রিমের নামে নকল পণ্যের বাজার,‌ বিপাকে বরিশালবাসী!

  প্রতিনিধি 27 November 2026 , 1:57:28 প্রিন্ট সংস্করণ

২৯

তালাশ প্রতিবেদকঃ
বরিশালের বাজারে শীতের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতকালীন প্রসাধনীর চাহিদা।আর এই সুযোগে বাজারে নকল ও মানহীন প্রসাধনীর ছড়াছড়ির অভিযোগ উঠেছে। নামিদামি ব্র্যান্ডের লোগো, মোড়ক ও ডিজাইন হুবহু নকল করে ভ্যাসলিন, লোশন, অলিভ অয়েল, ক্রিমসহ শিশুদের ব্যবহারের বিভিন্ন প্রসাধনী বাজারজাত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
অভিযোগ রয়েছে, বরিশাল নগরীর মহসিন মার্কেট, চকবাজার ও বাজার রোড, বিএম কলেজ রোড, নতুল্লাবাদ, রুপাতলীসহ বিভিন্ন এলাকার খুচরা কিছু কিছু দোকানে এসব প্রসাধনীর সরবরাহ রয়েছে। নগরীর বড় বড় শপিং মল থেকে শুরু করে আশপাশের গ্রামগঞ্জের কসমেটিকসের দোকানেও পাওয়া যাচ্ছে এসব পণ্য। এ ছাড়া বাজারে বিক্রি হওয়া কিছু প্রসাধনীর প্যাকেট ও বোতলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মানচিহ্ন কিংবা সংশ্লিষ্ট সরকারি অনুমোদনের তথ্য পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
ক্রেতাদের অভিযোগ, অনেক দোকানে আসল পণ্যের পাশাপাশি একই ধরনের মোড়ক, লোগো ও ব্র্যান্ডিং ব্যবহার করা নকল পণ্যও সাজিয়ে রাখা হচ্ছে। ফলে ক্রেতারা অনেক সময় বুঝতেই পারছেন না কোনটি আসল আর কোনটি নকল। পরিচিত ব্র্যান্ডের পণ্য মনে করে কেনার পর বাড়িতে গিয়ে পণ্যের মান ও গুণগত বৈশিষ্ট্য নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে পণ্যের উৎপত্তি সম্পর্কেও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বাংলাদেশি কিংবা ভারতীয় পণ্য হিসেবে বিক্রির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ক্রেতা রাজিব হোসেন আজকের তালাশকে বলেন, বাজারে একই ব্র্যান্ডের দেখতে হুবহু একাধিক পণ্য পাওয়া যাচ্ছে। সাধারণ ক্রেতাদের পক্ষে কোনটি আসল আর কোনটি নকল তা চেনা কঠিন। অনেক সময় পরিচিত ব্র্যান্ডের পণ্য মনে করে কেনাকাটা করলেও পরে পণ্যের মান নিয়ে সন্দেহ তৈরি হয়। তাই এ বিষয়ে বাজার তদারকি বাড়ানো জরুরি।
আরেক ক্রেতা সোহান বলেন, শিশুদের জন্য শীতকালীন প্রসাধনী কেনার ক্ষেত্রেও এখন উদ্বেগ কাজ করছে। কারণ শিশুদের ত্বক অত্যন্ত সংবেদনশীল। অথচ আসল পণ্যের সঙ্গে নকল পণ্য মিশিয়ে বিক্রি করা হলে সাধারণ ক্রেতাদের প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। তাই দোকানগুলোতে পণ্যের মান, উৎপাদনকারী প্রতিষ্ঠান ও উৎপত্তির তথ্য যাচাই করে বিক্রির ব্যবস্থা করা প্রয়োজন এবং খুচরো দোকানদারেরও সচেতন থাকতে হবে।
শিশুদের প্রসাধনী ব্যবহারের পর ত্বকে বিরূপ প্রতিক্রিয়ার অভিযোগও পাওয়া গেছে। ক্রেতা শিমুল জানান, শিশুর জন্য একটি ক্রিম কেনার পর সেটি ব্যবহারে শিশুর ত্বকে লালচে দাগ দেখা দেয়। পাশাপাশি ফোড়ার মতো ছোট ছোট দানা ওঠে। এতে শিশুর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে ব্যবহৃত ক্রিমটি নকল ছিল কি না কিংবা ত্বকের এমন প্রতিক্রিয়ার সঙ্গে পণ্যটির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
সংশ্লিষ্টদের মতে, কোনো পণ্যের মোড়কে পরিচিত প্রতিষ্ঠানের নাম কিংবা লোগো থাকলেই সেটি আসল হওয়ার নিশ্চয়তা নেই। তাই পণ্য কেনার আগে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচয়, আমদানিকারকের তথ্য, উপাদান, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করা জরুরি।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র আজকের তালাশকে বলেন, বাজারে নকল প্রসাধনী বিক্রির বিষয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো যাচাই বাছাই ল্যাব টেস্ট ছাড়া এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে এবং কেউ অধিদপ্তরে লিখিত বা যথাযথভাবে অভিযোগ জানালে বিষয়টি তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন ক্রেতাদের দাবি, শুধু খুচরা দোকানে অভিযান পরিচালনা করলেই হবে না, নকল প্রসাধনীর উৎস ও সরবরাহব্যবস্থাও খতিয়ে দেখতে হবে। কোথা থেকে এসব পণ্য আসছে, কারা সরবরাহ করছে এবং কারা বাজারজাতের সঙ্গে জড়িত, তা শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।

আরও খবর

Sponsered content