দেশজুড়ে

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে বিরোধী দলকে নিয়ে সংবিধান সংশোধন

  প্রতিনিধি 21 November 2026 , 10:15:54 প্রিন্ট সংস্করণ

৪৮

তালাশ ডেস্ক॥
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

 

প্রতিমন্ত্রী বলেন, পতিত, পরাজিত, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা বাংলাদেশের দুই-এক জায়গায় দু-একটি পেট্রোল বোমা মেরে, দু-একটি থানা পুড়িয়ে দিয়ে মনে করেছে অরাজকতা তৈরি করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মতো যাঁরা শহীদ হয়েছেন, তাদের আত্মাকে বিসর্জন দিয়ে নতুন করে একটা কিছু করবে। এগুলো করে কোনো লাভ হবে না।

 

 

বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল উল্লেখ করে মীর শাহে আলম বলন, ‘কিছু বিষয় মানবিক দৃষ্টিকোণ থেকে, আগের সরকারের মতো গুম–হত্যা–গুলি চালিয়ে আমরা নির্মূল করতে চাই না। এই কারণে যা কিছু হয়েছে আমরা ধৈর্য সহকারে মোকাবেলা করেছি। একটি জেলার মানুষ যদি মনে করে, তাদের ওখানে থানার প্রয়োজন নাই, সরকার ওখানে থানা রাখবে না। একটা জেলার মানুষ যদি মনে করে সরকারি অফিস-আদালত এবং উন্নয়ন ওই জেলায় প্রয়োজন নাই, বর্তমান সরকার সেখানে সেটা করবে না। এটা জনগণের উপর নির্ভর করবে যে জনগণ কী চাচ্ছে। সারা বাংলাদেশের জনগণের কাছে এটা প্রমাণিত হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল।’

 

 

প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকার তাদেরকে (আওয়ামী লীগ) যে নিষিদ্ধ করেছে, এই নিষিদ্ধ করাটা যে সঠিক আছে, যৌক্তিক আছে, আজকে জাতির সামনে এটি প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ‘নতুন করে ভাববার সময় এসেছে সংবিধান যেটি সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করে প্রয়োজনে… সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে, ইনশাআল্লাহ।’

 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিমধ্যে আইন সংশোধন করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না। সেখানে ধানের শীষ বা এ ধরনের জাতীয় প্রতীক থাকবে না এবং সরাসরি দল থেকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। ব্যানারে–পোষ্টারে কেউ বলতে পারবে না, আমি ওমুক দলের প্রার্থী বা তমুক দলের প্রার্থী। এখানে সরাসরি ব্যক্তি হিসাবে নির্বাচন করবে।

 

 

তবে মীর শাহে আলম বলেন, বিএনপির নির্দেশনা হচ্ছে এ রকম—উপজেলা বিএনপি স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করে সমর্থন দেবে যে আমাদের প্রার্থী কারা। সেই সমর্থনের ক্ষেত্রে কেউ যদি না মানে এবং কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, উপজেলা বিএনপি বা জেলা বিএনপি সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে জানালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

শহীদ আবু সাঈদের নামে রংপুর স্টেডিয়ামের নামকরণের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মানের খেলা হওয়া সেই এলাকার যেমন গৌরব, সেই খেলা উপভোগ করার সেই এলাকার লোকজনের অধিকারও। ইতিমধ্যেই স্টেডিয়াম সংস্কার করার জন্য ৫৪ লক্ষ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশের রংপুরের ডিআইজি আবদুল মাবুদ, রংপুর মহানগর পুলিশ মু. মাহবুবুর রশীদ।

 

আরও খবর

Sponsered content