প্রতিনিধি 16 November 2026 , 2:11:07 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদকঃ
বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত অন্যতম বিনোদন কেন্দ্র ত্রিশ গোডাউন।
প্রতিদিনই দূরদূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন নানা বয়সী দর্শনার্থী। তবে সন্ধ্যা নামলেই বদলে যায় এই বিনোদন কেন্দ্রের চিত্র। পর্যাপ্ত আলোর অভাবে চারদিকে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। আর সেই অন্ধকারের সুযোগ কাজে লাগিয়ে সেখানে ঘুরতে আসা উঠতি বয়সী স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও তরুণ তরুণীদের একাংশ আপত্তিকর ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
শুধু তাই নয়, রাত গভীর হলেই নির্জন স্থানগুলোতে মাদক বিক্রি ও সেবনের আসর বসার অভিযোগও রয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা সাধারণ দর্শনার্থীদের পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতিতে।
চলতি মাসের বিভিন্ন দিনে সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধ্যার পর বিনোদন কেন্দ্রটির নদীসংলগ্ন সড়ক ও দর্শনার্থীদের বসার বেঞ্চের আশপাশের বেশ কয়েকটি ল্যাম্পপোস্টে বাতি জ্বলছে না। ফলে সড়কসহ নদীর পাড়ের বেশ কিছু অংশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে।
আর এই অন্ধকারের মধ্যেই কিছু তরুণ তরুণীকে আপত্তিকর কর্মকাণ্ডে জড়াতে দেখা যায়। এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা অস্বস্তি ও বিব্রতকর অবস্থায় পড়ছেন।
এ সময় ঘুরতে আসা দর্শনার্থী রিশাদ নামের এক যুবকের সঙ্গে কথা হলে তিনি বলেন, নদীর পাড়ে দর্শনার্থীদের বসার জন্য যেসব বেঞ্চ রয়েছে, সেগুলোর পাশের ল্যাম্পপোস্টগুলোতে প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে কোনো আলো জ্বলছে না। দীর্ঘদিন ধরে বাতিগুলো অকেজো থাকায় পুরো এলাকা সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যায়। আর এই সুযোগে সেখানে ঘুরতে আসা কিছু যুবক-যুবতী আপত্তিকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। পর্যটন স্পটটিতে নিরাপত্তারক্ষী কিংবা কার্যকর নজরদারি না থাকায় রাত গভীর পর্যন্ত এমন পরিস্থিতি চলতে থাকে এবং এখানে বিভিন্ন সময় ঘুরতে আসা দর্শনার্থীরে সাথে ছিনতাই ঘটনায় ঘটে।
শামীম নামের স্থানীয় এক ব্যক্তি জানান, দিনের বেলায় ত্রিশ গোডাউন নদীর পাড়ের পরিবেশ স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামার পর পরিস্থিতি পাল্টে যায়। রাত গভীর হলে নির্জন এলাকাগুলোতে কিছু বখাটে যুবকের আনাগোনা বাড়ে। একপর্যায়ে জনসমাগম কমে গেলে সেখানে মাদক বিক্রি ও সেবনের আসর বসে বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, বর্তমানে ত্রিশ গোডাউন এলাকা মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের জন্য নিরাপদ স্পটে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে বিনোদন কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিংবা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
পার্শ্ববর্তী এপিবিএন পুলিশ ক্যাম্পের এক সদস্য জানান, ত্রিশ গোডাউন নদীর পাড়ের বিনোদন কেন্দ্রটি তাদের আওতাধীন এলাকার বাইরে। এটি বরিশাল সিটি করপোরেশনের অধীনে হওয়ায় সেখানে কোনো কর্মকাণ্ড দেখলেও তাদের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান তিনি।
এদিকে, বিষয়টি নিয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে বিনোদন কেন্দ্রটির দেখভালের দায়িত্বে সিটি করপোরেশনের পক্ষ থেকে কেউ নিয়োজিত রয়েছেন কি না এবং দীর্ঘদিন ধরে অকেজো থাকা ল্যাম্পপোস্টের বাতিগুলো সংস্কারে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তিনি সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছেন। ত্রিশ গোডাউন এলাকায় এমন অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











