বরিশাল

জনপদ রক্ষায় রাতজাগা প্রহরী এসিল্যান্ড আজহারুল ইসলাম

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৬ , ১০:৫১:৫১ প্রিন্ট সংস্করণ

এম শাহাদাত ॥
যখন বরিশাল সদর উপজেলার মানুষ গভীর ঘুমে, তখন কীর্তনখোলা নদীর বুকে জেগে ছিলেন প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা। রাতের আঁধারকে কাজে লাগিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ঠেকাতে অভিযান চালিয়েছেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম। যেন জনপদ রক্ষায় রাতজাগা এক প্রহরী।

 

 

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা থেকে কীর্তনখোলা নদীর জুনাহার এলাকায় শুরু হয় এ অভিযান। জেলা প্রশাসনের নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন এসিল্যান্ড আজহারুল ইসলাম। সঙ্গে ছিল কোস্ট গার্ডের একটি টিম।

 

 

অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

গভীর রাতে পরিচালিত এ অভিযানকে স্থানীয়দের অনেকেই স্বাগত জানিয়েছেন। তাদের ভাষ্য, রাতের আঁধারে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কারণে নদীর স্বাভাবিক গতিপথ, তীরবর্তী এলাকা এবং মানুষের বসতভিটা হুমকির মুখে পড়ে। প্রশাসনের এমন তৎপরতা অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কার্যকর বার্তা দিচ্ছে।

 

 

অভিযান প্রসঙ্গে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা ও তত্ত্বাবধানে কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। নদী ও জনপদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

 

প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শুধু দিনের অভিযান নয়, প্রয়োজন অনুযায়ী রাতেও অভিযান পরিচালনা করা হবে। কারণ, রাতের সুযোগ নিয়ে যাতে কোনোভাবেই নদীকে লুটে নিতে না পারে বালুখেকো চক্র, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

 

 

কীর্তনখোলার বুক থেকে অবৈধ ড্রেজার ও বাল্কহেড জব্দের এই অভিযান তাই শুধু একটি নিয়মিত প্রশাসনিক অভিযান নয়, বরং নদী, পরিবেশ ও জনপদ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানেরও একটি বার্তা। আর সেই বার্তা বাস্তবায়নে গভীর রাতেও মাঠে থাকা এসিল্যান্ড আজহারুল ইসলাম যেন দায়িত্বের জায়গা থেকে হয়ে উঠেছেন জনপদের রাতজাগা প্রহরী।

আরও খবর

Sponsered content