প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৬ , ১২:০৭:৩৫ প্রিন্ট সংস্করণ
তালাশ পতিবেদক ॥
হঠাৎ করে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণার পর বরিশাল নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে যানবাহনের উপচে পড়া ভিড় দেখা গেছে। রাত থেকেই তেল সংগ্রহের জন্য বিভিন্ন পাম্পে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। এতে সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটার দরে বিক্রির কথা জানানো হয়।
দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর অনেক চালক বাড়তি দামে তেল কেনার আগে পুরোনো দামে তেল সংগ্রহের আশায় পাম্পে ভিড় করেন বলে জানা গেছে। এতে নগরীর কয়েকটি পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়।
পাম্পে অপেক্ষমাণ কয়েকজন চালক জানান, হঠাৎ করে তেলের দাম বাড়ায় পরিবহন খরচ আরও বেড়ে যাবে। বিশেষ করে মোটরসাইকেল ও পণ্যবাহী যান চালকদের ওপর এর সরাসরি প্রভাব পড়বে বলে তারা আশঙ্কা করছেন।
এর আগে চলতি সেপ্টেম্বর মাসে ডিজেল ১১৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হচ্ছিল। নতুন সিদ্ধান্তে প্রতিটি প্রধান জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে।
জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়তে পারে কি না, তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
















