প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ , ৯:৪৪:৫৩ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ।।
বরিশাল কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন মামুনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে জমি দখল, মানুষকে হয়রানি, মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি এবং আর্থিক সুবিধা নেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন কোতোয়ালি থানা বিএনপির নেত্রী জান্নাতুল ফেরদৌছি।

সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসব অভিযোগ করেন। পোস্টে জান্নাতুল ফেরদৌছি দাবি করেন, আওলাদ হোসে

ন মামুন আওয়ামী লীগ সরকারের আমলে বরিশালে প্রভাব বিস্তার করে নানা কর্মকাণ্ড চালিয়েছেন। তিনি আরও দাবি করেন, চাকরিরত অবস্থায় ওই কর্মকর্তা মানুষের জমিজমা দখল এবং বিভিন্নভাবে হয়রানিতে জড়িত ছিলেন।
ফেসবুক পোস্টে জান্নাতুল ফেরদৌছি লেখেন, “বরিশাল কোতয়ালী থানার সাবেক ওসি আওলাদ হোসেন মামুন বিগত ফেসিস্ট সরকারের আমলে বরিশালে দাপট দেখিয়েছেন।” তার দাবি, আওলাদ হোসেন মামুন চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
পোস্টে আরও অভিযোগ করা হয়, জুলাই আন্দোলনের সময়ও তিনি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। টাকার বিনিময়ে মিথ্যা মামলা নিয়ে মানুষকে হয়রানি এবং আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক ও জেলে পাঠানোর অভিযোগও তোলা হয়েছে।
এদিকে, সাবেক ওসি আওলাদ হোসেন মামুনের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাব ব্যবহার করে জমি দখলসহ আরও নানা অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় একাধিক ব্যাক্তি।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা আওলাদ হোসেন মামুনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনেই ফোন কেটে দেন।
এমন পরিস্থিতিতে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেত্রী জান্নাতুল ফেরদৌছি। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে সত্যতা উদঘাটনের দাবি উঠেছে।

















