প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৬ , ৪:৩৬:৪৭ প্রিন্ট সংস্করণ
৬০ হাজার নামজারি নিষ্পত্তি, ৫০০টি মিসকেস নিষ্পত্তি, ৩০০ জনকে কারাদণ্ড, অর্ধকোটি টাকার অর্থদণ্ড
গোলাম রাব্বি ॥
বরিশালে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২ বছর ৫ মাস ২১ দিনের দায়িত্ব পালন শেষে গতকাল বিদায় নিয়েছেন আজহারুল ইসলাম। দায়িত্ব পালনকালে ৬০ হাজারের বেশি নামজারি আবেদন নিষ্পত্তি, ৫০০টির বেশি মিসকেসের সমাধান এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৩০০ জনের বেশি ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন তিনি। তাঁর পরবর্তী কর্মস্থল জাতীয় সংসদ সচিবালয়।

দীর্ঘ এই কর্মকালীন সময়ে ভূমিসেবা কার্যক্রমের পাশাপাশি ইভটিজিং, মাদক ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন আজহারুল ইসলাম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দায়িত্ব পালনকালে প্রায় ১৫ থেকে ২০ বছর আগের পুরোনো মামলাসহ ৫০০টির বেশি মিসকেস নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বরিশালে দায়িত্ব পালনকালে কীর্তনখোলা নদীতে গভীর রাতে অভিযান পরিচালনাও ছিল তাঁর কর্মজীবনের অন্যতম উল্লেখযোগ্য অভিজ্ঞতা। নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানসহ বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।
বরিশালে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পর্কে আজহারুল ইসলাম তাঁর বিদায়বার্তায় এই সময়কে চাকরিজীবনের সবচেয়ে স্বাধীন ও সুখের সময় হিসেবে উল্লেখ করেছেন। মানুষের কথা শোনা, সহকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা এবং ভালোবাসা তাঁর কর্মকালকে স্মরণীয় করে রেখেছে বলেও জানান তিনি।
দায়িত্ব পালনকালে মানুষের সহযোগিতা ও প্রশংসা তাঁকে আরও কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে বলে বিদায়বার্তায় উল্লেখ করেন এই কর্মকর্তা। বরিশাল থেকে বিদায় নিয়ে এবার জাতীয় সংসদ সচিবালয়ে নতুন দায়িত্ব পালন করবেন তিনি।
















