প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৬ , ১২:২২:০৩ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদকঃ
বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার এসআই হাবিবকে ঘিরে শায়েস্তাবাদ ইউনিয়নে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও অভিযোগ আলোচনায় রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি চাকরি জীবনের উল্লেখযোগ্য সময় কাউনিয়া থানায় দায়িত্ব পালন করেছেন এবং প্রায় এক যুগেরও বেশি সময় একই ইউনিয়নের বিট অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। একই এলাকায় এত দীর্ঘ সময় দায়িত্ব পালনের প্রেক্ষাপটে অপরাধ দমন, প্রশাসনিক জবাবদিহি এবং দায়িত্ব পালনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

স্থানীয়দের ভাষ্য, শায়েস্তাবাদের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নিয়ে অভিযোগ থাকলেও এসব অপরাধ নিয়ন্ত্রণে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। তাদের মতে, দীর্ঘদিন একই বিটে দায়িত্ব পালনকারী কর্মকর্তার ভূমিকা ও দায়িত্ব পালনের বিষয়টি নিরপেক্ষভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা মামুন আকন, শফিক মুন্সি ও রাসেল হাওলাদার অভিযোগ করে বলেন, এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক মাদক কারবারি সক্রিয় রয়েছে। তাদের দাবি, বড় মাদক চক্রের বিরুদ্ধে দৃশ্যমান অভিযান বা উল্লেখযোগ্য সাফল্যের নজির তারা দেখেননি। এ কারণে তারা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত দাবি করেন।
আইন বিশেষজ্ঞদের মতে, একই কর্মকর্তা দীর্ঘ সময় একই থানা বা একই বিটে দায়িত্ব পালন করলে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রভাব বিস্তারের বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে। এ কারণেই বিভিন্ন সরকারি সংস্থায় নির্দিষ্ট সময় পরপর বদলি বা রদবদলের নীতি অনুসরণ করা হয়, যাতে প্রশাসনিক নিরপেক্ষতা ও সুশাসন নিশ্চিত হয়।
এ বিষয়ে এসআই হাবিবের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি দীর্ঘ সময় চাকরি করেছি। অযথা ঝামেলায় যাইনি, তাই হয়তো বড় কোনো এচিভমেন্ট নেই। থানায় আসুন, চা খেতে খেতে কথা বলব।”
স্থানীয়দের দাবি ও কর্মকর্তার বক্তব্যের মধ্যে স্পষ্ট মতপার্থক্য রয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং দীর্ঘদিন একই বিটে দায়িত্ব পালনের প্রশাসনিক প্রভাব মূল্যায়নের জন্য তারা একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।





