প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৬ , ৫:৩১:৫১ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥

দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা এবং রপ্তানির সম্ভাবনা সম্প্রসারণে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, ইলিশ দেশের মৎস্যসম্পদের অন্যতম মূল্যবান সম্পদ। ইলিশের উৎপাদন বাড়াতে হলে মা ইলিশকে নির্বিঘ্নে প্রজননের সুযোগ দিতে হবে এবং নিষেধাজ্ঞার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
শুক্রবার বরিশালের কীর্তনখোলা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মো. দেলোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। মাছের উৎপাদন ও রপ্তানি বাড়াতে হলে মৎস্য খাতের অন্যতম প্রধান সম্পদ ইলিশের উৎপাদন বাড়াতে হবে। বরিশাল অঞ্চলে ইলিশ বেশি পাওয়া যায়। এ জন্য মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।’
তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে কাজ করা হচ্ছে। জেলে, মৎস্য ব্যবসায়ীসহ মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি ও মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে।
এদিকে, মা ইলিশ সংরক্ষণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। মা ইলিশ রক্ষায় প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে জেলে, মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। এ সময় মৎস্য অধিদপ্তর ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















