প্রতিনিধি 21 November 2026 , 10:34:29 প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিবেদক ॥

পটুয়াখালীর দুমকী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর মুসল্লির একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরান হোসেন ওরফে সুমন মোল্লা (২৮), একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রায়হান মৃধা (২৬) ও মো. কুদ্দুস খান ওরফে সোহেল (৩০) এবং ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হৃদয় মাঝি (২১)।
পুলিশ জানায়, ওই পরিত্যক্ত ঘরে মাদক কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে ইমরান হোসেনের প্যান্টের পকেট থেকে নীল পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

















