বরিশাল

অনুমতি ছাড়াই বুখাইনগর স্কুলে মাসুম মাস্টারের বৈঠক

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ , ১১:০৫:২০ প্রিন্ট সংস্করণ

‎তালাশ প্রতিবেদক:
‎
‎বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুম মাস্টারকে নিয়ে দৈনিক আজকের তালাশ-এ সংবাদ প্রকাশের পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগের মধ্যেই এবার বুখাইনগর স্কুলের মাঠে তাঁর উদ্যোগে আয়োজিত একটি বৈঠক ঘিরে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক কর্মসূচির নামে আয়োজিত ওই বৈঠকটি আদতে দলীয় কর্মসূচি ছিল, নাকি ব্যক্তিগত উদ্যোগ, তা নিয়ে দেখা দিয়েছে আলোচনা।

‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুখাইনগর স্কুল মাঠে চরমোনাই ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মীদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, এ আয়োজনের আগে স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এমনকি অনুমতি ছাড়া স্কুলের লাইব্রেরি থেকে চেয়ার-টেবিল নামিয়ে বৈঠকে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

‎
‎বুখাইনগর স্কুলের প্রধান শিক্ষক মো. মনির জানান, গতকালকের অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে তাঁর কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।

‎
‎প্রধান শিক্ষকের বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে রাজনৈতিক কর্মসূচির নামে আয়োজন করতে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছিল কি না। একই সঙ্গে স্কুলের লাইব্রেরির আসবাবপত্র কার অনুমতিতে নামানো হয়েছে, তা-ও স্পষ্ট হওয়া প্রয়োজন।

চরমোনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুম মাস্টারের 01982-195717 এই নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

‎
‎স্থানীয় পর্যায়ে ওঠা অভিযোগ অনুযায়ী, বৈঠকটি আনুষ্ঠানিক দলীয় কর্মসূচির পরিবর্তে মাসুম মাস্টারের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত হয়েছিল।

‎
‎এর আগে মাসুম মাস্টারকে নিয়ে সংবাদ প্রকাশের পর ফেসবুকে সাংবাদিকদের উদ্দেশে বিরূপ মন্তব্য করার অভিযোগও সামনে আসে।

‎
‎একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও আসবাবপত্র ব্যবহারের ক্ষেত্রে নিয়ম মানা হয়েছিল কি না এবং বৈঠকটি দলীয় সিদ্ধান্তে, নাকি ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা হয়েছিল, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content