প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ , ১১:১৬:১৮ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদকঃ

খুন, চাঁদাবাজি, ধর্ষণসহ নানা অপরাধ থেকে দেশকে মুক্ত করতে না পারলে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের আকাঙ্ক্ষা বৃথা যেতে বসেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ফয়জুল ইসলাম।
শুক্রবার (২১ আগস্ট) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই কওমিয়া শাখার উদ্যোগে আয়োজিত ‘৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তারুণ্যের সমাবেশ ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই কওমিয়া শাখার সভাপতি মুহাম্মাদ মাহফুজ আহমাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ বায়জিদ হুসাইনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুহাম্মাদ ফয়জুল ইসলাম বলেন, একটি রাষ্ট্রের মানুষের সবচেয়ে মৌলিক অধিকার হলো নিরাপদে বেঁচে থাকার অধিকার। অথচ নারায়ণগঞ্জের বন্দর থানায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যার শিকার হয়েছেন। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চাঁদাবাজির মুখোমুখি হচ্ছেন এবং নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। এসব অপরাধ বন্ধ করতে না পারলে রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন কখনোই পূর্ণতা পাবে না।
তিনি বলেন, জুলাইয়ে ছাত্র-জনতা যে স্বপ্ন, প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিল, তা ছিল একটি নিরাপদ, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু জুলাইয়ের পরও যদি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হয় এবং খুন, চাঁদাবাজি ও ধর্ষণের মতো অপরাধ অব্যাহত থাকে, তাহলে জুলাইয়ের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষা প্রশ্নের মুখে পড়বে।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আমাদের ভাই বুলবুলের হত্যার বিচার চাই। খুনিদের ফাঁসি চাই। সরকার যদি খুনিদের বিচার করতে ব্যর্থ হয়, তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব, ইনশাআল্লাহ।’
প্রধান অতিথি আরও বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন তাদের প্রত্যাশার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। শুধু একটি আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটলেই মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আসবে না। তাই খুন, চাঁদাবাজি, ধর্ষণসহ সব অন্যায় ও অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।











