প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ১:০২:৪৩ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ব্যাপক প্রচার-প্রচারণায় নির্বাচনী আমেজ জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের নারী-পুরুষ সমর্থকদের একাধিক টিম প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রদানে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ছয়টি আসনের মধ্যে প্রচার-প্রচারণায় সবচেয়ে বেশি সরগরম হয়ে উঠেছে বরিশাল-৫ সংসদীয় আসন। এ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সমর্থকদের নিয়ে ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে মহানগর ছাত্রদল নেতা নাভিদ রহমান খান তুষারও ব্যাপকভাবে গণসংযোগ ও পথসভা করছেন।
গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় নাভিদ রহমান খান তুষার বলেন, “ছিনতাই কিংবা ডাকাতির মাধ্যমে নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমরা রাষ্ট্রক্ষমতায় যেতে চাই। আমরা দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই।”
তিনি আরও বলেন, “তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সুফল পেতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।” এ সময় তিনি ভোটারদের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।










