প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৬ , ১২:০৬:৫২ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদকঃ

ঢাকার আরামবাগ এলাকায় গ্রীন লাইন পরিবহনের ৪ নম্বর কাউন্টারে যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। শনিবার (আজ) বিকেল চারটায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোচ নম্বর ৪১২ কাউন্টারে না আসায় যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হয়।
ভুক্তভোগী যাত্রীরা জানান, তারা নির্ধারিত সময়ের অনেক আগেই কাউন্টারে উপস্থিত হন। কিন্তু বিকেল চারটার পরও বাস না আসায় উদ্বেগ বাড়তে থাকে। পরবর্তীতে বিকেল পাঁচটা পর্যন্তও বাস কাউন্টারে না পৌঁছালে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন এবং কাউন্টারের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান।
কিছু যাত্রী অভিযোগ করেন, কাউন্টার কর্তৃপক্ষ তাদের সঠিক কোনো তথ্য দিতে পারেনি। কখন বাস আসবে বা কেন বিলম্ব হচ্ছে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন যাত্রী বলেন, “নির্ধারিত সময় অনুযায়ী আমরা এসেছি, কিন্তু এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও বাসের কোনো খোঁজ নেই। কর্তৃপক্ষের এই অব্যবস্থাপনা মেনে নেওয়া যায় না।”
এদিকে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাউন্টার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
এ বিষয়ে গ্রীন লাইন পরিবহনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
যাত্রীরা দ্রুত এ ধরনের ভোগান্তির সমাধান এবং সেবার মান উন্নয়নের দাবি জানিয়েছেন।

















