বরিশাল

রাত পোহালেই মেহেন্দিগঞ্জের মাটিতে পা রাখবেন ডা. শফিকুর রহমান

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১:৫৮:১০ প্রিন্ট সংস্করণ

আসাদুল ইসলাম আসাদ, মেহেন্দিগঞ্জঃ

৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার  বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় আগমন করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন তিনি।

সমাবেশ অনুষ্ঠিত হবে মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহাসিক সরকারি পাতারহাট আর.সি কলেজ মাঠে। সমাবেশ শুরু হবে শুক্রবার সকাল ৯ টায়। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। তৈরি করা হয়েছে সভামঞ্চ। আশপাশের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে লাগানো হয়েছে মাইক। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সমাবেশ স্থল।

মুলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণাঞ্চলের ভোটারদের কাছে আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরা ও স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং চাঙ্গা করতেই  ডা. শফিকুর রহমানের এই মেহেন্দিগঞ্জ সফর।

দলীয় সুত্রে জানা যায়, বরিশাল জেলার বিভিন্ন উপজেলা ও পাশ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা যোগ দেবেন এই সমাবেশে। এছাড়াও বরিশাল জেলায় ১১ দলীয় জোটের মনোনীত সকল প্রার্থী উপস্থিত থাকবেন এই নির্বাচনী জনসভায়।

 জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের আগমন উপলক্ষে ৫ ফেব্রুয়ারি মেহেন্দিগঞ্জ উপজেলা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ও বরিশাল ০৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল জব্বার বলেন, আগামীকাল সকালে আমাদের আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে মেহেন্দিগঞ্জ আসবেন এবং সকাল সাড়ে ৯ টায় পাতারহাট আর.সি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।

তিনি আরও বলেন, ডা. শফিকুর রহমানের মেহেন্দিগঞ্জ আগমন আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনের জন্য একটি মাইলফল। নেতাকর্মী ও জনসাধারণ তাকে দেখার জন্য ও তার বক্তব্য শোনার জন্য উৎসুক হয়ে আছেন। আমরা আশা করছি আগামীকাল প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে আমাদের সমাবেশে।

তিনি বলেন, আমরা ( জামায়াতে ইসলামী) চাই আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। যেখানে ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্র থাকবেনা। মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। জামায়াতে আমিরের আগমনে সৃষ্টি জনভোগান্তির জন্য অগ্রিম দুঃখ প্রকাশও করেন আব্দুল জব্বার।

জামায়াতে ইসলামীর মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার আমির শহিদুল ইসলাম বলেন, আমাদের দলের সর্বোচ্চ নেতা, আমাদের আমির ডা. শাফিকুর রহমান মেহেন্দিগঞ্জের মাটিতে আসবেন। তার এই আগমন উপলক্ষে নেতাকর্মী ও জনগণ বেশ উচ্ছ্বসিত। তাকে বরণ করে নিতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন জামায়াতে আমিরের শুক্রবারের এই সমাবেশ জনসমুদ্রে রুপ নেবে।

একাধিক সুত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ এর এই সমাবেশ বরিশাল শহরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে তা মেহেন্দিগঞ্জ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল ০৫ (সদর) আসনে এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত কোন প্রার্থী না থাকায় তারা বরিশাল ০৪ আসনটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। যার ফলশ্রুতিতে বরিশাল ০৪ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বারের পক্ষে প্রচারণা ও জনমত গঠনে সমাবেশটি মেহেন্দিগঞ্জ আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য যে দীর্ঘ প্রায় ৩০ বছর পরে বরিশাল ০৪ আসনে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতে পারছে দলটি। সবশেষ ১৯৯৬ সালে এই আসনটিতে প্রার্থী দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন এই অঞ্চলের নেতাকর্মীদের চাঙ্গা করার পাশাপাশি আগামী নির্বাচনে বরিশাল ০৪ আসনে জামায়াতে ইসলামীর ভোট বাক্সে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।