প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ , ৯:১২:৩২ প্রিন্ট সংস্করণ

বরিশালের মিডিয়াপাড়া একসময় ছিল দায়িত্বশীল সাংবাদিকতা, নৈতিকতা ও পেশাদারিত্বের একটি সম্মানজনক ক্ষেত্র। সত্য তুলে ধরা, মানুষের কথা বলা এবং অন্যায়ের বিরুদ্ধে কলম ধরাই ছিল এ অঙ্গনের মূল শক্তি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিবেশে এক ধরনের অদৃশ্য বিষ ঢুকে পড়েছে। যেন নীরবে ছড়িয়ে পড়েছে একদল ‘হলুদ ভাইপার’।
এখানে ‘হলুদ ভাইপার’ বলতে প্রকৃত সাপকে বোঝানো হয়নি। বোঝানো হয়েছে সেইসব তথাকথিত সাংবাদিককে, যাদের নেই কোনো পেশাগত যোগ্যতা, নেই ন্যূনতম নৈতিকতা কিংবা সাংবাদিকতার মৌলিক ধারণা। অথচ তারা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের পথ খুঁজে বেড়াচ্ছে। এরা প্রকৃতপক্ষে অপসাংবাদিকতার একটি বিষাক্ত রূপ।
দুঃখজনক হলেও সত্য, আজকাল সহজেই একটি কার্ড, একটি অনলাইন পোর্টালের নাম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচয় ব্যবহার করে অনেকেই নিজেদের সাংবাদিক পরিচয় দিচ্ছেন। অথচ তারা জানেন না সংবাদ কীভাবে যাচাই করতে হয়, কীভাবে একটি ঘটনার নিরপেক্ষ উপস্থাপন করতে হয়।
বরং অনেক ক্ষেত্রে দেখা যায়, তারা সংবাদকে হাতিয়ার বানিয়ে ব্যক্তিগত প্রভাব বিস্তার, ভয় দেখানো কিংবা নানা অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করেন।
এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো সাংবাদিক সমাজ। একজন প্রকৃত সাংবাদিক যখন সত্য প্রকাশের জন্য মাঠে কাজ করেন, তখন অনেক সময় সাধারণ মানুষও বিভ্রান্ত হন। কারণ একই পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা কিছু ‘হলুদ ভাইপার’ পুরো পেশাটিকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে।
বরিশালের মতো একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরে সাংবাদিকতার একটি ঐতিহ্য রয়েছে। এখানে বহু গুণী ও সাহসী সাংবাদিক কাজ করেছেন, যারা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সম্মান অর্জন করেছেন। কিন্তু যদি অপসাংবাদিকতার এই বিষাক্ত প্রবণতা নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে সেই ঐতিহ্য ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে।
শান্তিপূর্ণ এবং সুস্থ মিডিয়াপাড়া ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারের প্রতি আশা রয়েছে। সরকারের যথাযথ হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগে অপসাংবাদিকতার বিস্তার রোধ করা সম্ভব। এটি শুধু মিডিয়াপাড়া নয়, বরিশালের সাধারণ মানুষকেও প্রকৃত তথ্যের অধিকার ফিরিয়ে দেবে।
এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। সংবাদমাধ্যমের মালিকপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে। সাংবাদিক সংগঠনগুলোকে সদস্য বাছাইয়ে কঠোরতা আনতে হবে। একই সঙ্গে প্রশাসনেরও উচিত সাংবাদিক পরিচয়ের অপব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
সবচেয়ে বড় কথা, প্রকৃত সাংবাদিকদের নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে হবে। কারণ সাংবাদিকতা কোনো সুযোগসন্ধানী পরিচয় নয়, এটি একটি দায়িত্বশীল পেশা। এই পেশাকে বাঁচিয়ে রাখতে হলে ‘হলুদ ভাইপার’-দের চিহ্নিত করতেই হবে এবং অপসাংবাদিকতার বিষ থেকে মিডিয়াপাড়াকে মুক্ত করতেই হবে।
বরিশালের মিডিয়াপাড়াকে সুস্থ ও মর্যাদাপূর্ণ রাখতে এখনই সময় সতর্ক হওয়ার। নচেৎ এই বিষ একসময় পুরো অঙ্গনকেই গ্রাস করবে।
মারুফ হোসেন
প্রকাশক ও সম্পাদক
আজকের তালাশ

















