বরিশাল

সাঁকো ভেঙে ভেলায় ৩২ পরিবার, ছুটে গেলেন ইউএনও

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২:০৯:০২ প্রিন্ট সংস্করণ

বাবুগঞ্জ প্রতিবেদক।।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা-উত্তর রহমতপুর আশ্রয়ণ প্রকল্পের ৩২ পরিবারের চলাচলের একমাত্র বাঁশ-কাঠের সাঁকোটি ভেঙে পড়েছে। এতে খাল পারাপারে চরম দুর্ভোগে পড়েছেন প্রকল্পের বাসিন্দারা। বাধ্য হয়ে কলাগাছের ভেলা তৈরি করে ঝুঁকি নিয়ে খাল পারাপার করছেন তারা।

 

 

স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ এই সাঁকোটি ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বাজারমুখী মানুষ এবং জরুরি প্রয়োজনে বাইরে যাতায়াতকারীদেরও প্রতিদিন ঝুঁকি নিয়ে খাল পার হতে হচ্ছে।

 

 

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাঁশ-কাঠের তৈরি সাঁকোটিই ছিল তাদের যাতায়াতের প্রধান ভরসা। সম্প্রতি সাঁকোটি ভেঙে পড়ায় স্বাভাবিক চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে কলাগাছের ভেলা তৈরি করে খাল পারাপার করতে হচ্ছে।

 

 

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কাওছার মৃধা বলেন, “রাজারবের খালের ওপর এই সাঁকোটিই আমাদের ৩২ পরিবারের দ্রুত যাতায়াতের একমাত্র পথ ছিল। সাঁকোটি ভেঙে যাওয়ার পর এখন কলাগাছের ভেলা দিয়ে খাল পার হতে হচ্ছে। এভাবে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে দ্রুত একটি ব্রিজ বা টেকসই সাঁকো নির্মাণ করা প্রয়োজন।”

 

 

এদিকে বিষয়টি জানতে পেরে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ভেঙে যাওয়া সাঁকোটি পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

 

 

পরিদর্শন শেষে ইউএনও আসমা উল হুসনা জানান, “সাঁকোটি আজ দুপুরে পরিদর্শন করেছি। মানুষের চলাচলের উপযোগী করে তুলতে আগামীকাল থেকেই কাজ শুরু হবে।”

 

 

ইউএনওর এমন উদ্যোগে স্বস্তি ফিরেছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে। দ্রুত সাঁকোটি চলাচলের উপযোগী হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন ৩২টি পরিবারের মানুষ।

আরও খবর

Sponsered content