প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ১১:২৯:৫৬ প্রিন্ট সংস্করণ
এম শাহাদাত॥
বরিশাল সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নেওয়া হয়েছে প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ। শুধু সচেতনতামূলক বক্তব্য নয়, পরিচ্ছন্নতা কার্যক্রমকে বাস্তবে রূপ দিতে উপজেলার ১৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে ডাস্টবিন ও গাছের চারা।

মঙ্গলবার বরিশাল সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১২৪টি প্রাথমিক বিদ্যালয়, ৪০টি মাধ্যমিক বিদ্যালয়, ২৭টি মাদ্রাসা ও ২টি কলেজে একটি করে ডাস্টবিন এবং পাঁচটি করে গাছের চারা দেওয়া হয়।
প্রশাসনের এমন উদ্যোগকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে ইতিবাচক সাড়া।
কারণ, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আর সেই পরিচ্ছন্নতার অভ্যাস যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই গড়ে ওঠে, তাহলে তার প্রভাব ছড়িয়ে পড়বে পরিবার থেকে সমাজের সর্বস্তরে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ, পানি জমে থাকা স্থান পরিষ্কার রাখা এবং শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় সবুজের সমারোহ তৈরিই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা বলেছেন, পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের অবহেলা গ্রহণ করা হবে না। ডাস্টবিন দেওয়ার পাশাপাশি এগুলোর সঠিক ব্যবহার এবং গাছের চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা, ছাদ, নালা-নর্দমা কিংবা আশপাশে কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকেও নিয়মিত নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রশাসনের এই উদ্যোগ শুধু ডেঙ্গু প্রতিরোধেই নয়, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার মানসিকতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন খলিফা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোসাম্মাৎ হেলেনা বেগম।
ডেঙ্গু প্রতিরোধে এমন বাস্তবমুখী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কারণ, একটি ডাস্টবিন হতে পারে পরিচ্ছন্নতার শুরু, আর একটি গাছের চারা হতে পারে সবুজ ও সুস্থ ভবিষ্যতের প্রতীক। বরিশাল সদর উপজেলা প্রশাসনের এই উদ্যোগ সফল হোক, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হোক পরিচ্ছন্ন, সবুজ ও ডেঙ্গুমুক্ত।