প্রতিনিধি ২৫ মে ২০২৬ , ২:৩৩:০৮ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদকঃ

বরিশালের কাউনিয়া থানায় দায়ের হওয়া হত্যা মামলার এক নম্বর আসামি শহিদ হাওলাদারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ৩১ মার্চ দুপুরে কাউনিয়া থানাধীন চরবাড়ীয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় রিয়াজ হাওলাদারের ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, শহিদ হাওলাদার, খোকন হাওলাদার ও জাহিদ হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন মিলে রিয়াজ হাওলাদারকে মারধর করে।
একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে স্বজনরা তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শহিদ হাওলাদার (৩২), খোকন হাওলাদার (৪০) ও জাহিদ হাওলাদারকে আসামি করা হয়।
কাউনিয়া থানার এসআই মোঃ শাওন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়াকাটা এলাকা থেকে হত্যা মামলার এক নম্বর আসামি শহিদ হাওলাদারকে আটক করা হয়েছে।
তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত আছে।











