প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ , ১০:২৩:৩৯ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক নারীকে মারধর, হত্যাচেষ্টার পাশাপাশি শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. সাহেব আলী হাওলাদার বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, গত ২১ জুলাই ২০১৬ দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের তোফাজ্জেল মোল্লার বাড়ির সামনের সড়কে ঘটনাটি ঘটে।
লিখিত অভিযোগ অনুযায়ী, ঝালকাঠীর নলছিটি উপজেলার সিদ্ধকাঠী এলাকার বাসিন্দা বিলকিস বেগম স্বজনের জানাজা শেষে নিজ বাড়িতে ফেরার পথে বোয়ালিয়ার আ: মান্নান হাওলাদারের ছেলে অভিযুক্ত কামাল হোসেন হাওলাদার ও অজ্ঞাতনামা আরও ২-৩ জন তার পথরোধ করেন। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারধর করেন এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, হামলার একপর্যায়ে বিলকিস বেগমের গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন এবং অতীতেও একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করেছেন।
ঘটনার সময় স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরও বিভিন্ন ধরনের প্রাণনাশ ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
তবে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।

















