বরিশাল

গৌরনদীতে বিডি ক্লিনের সমন্বয়কের ওপর হামলার অভিযোগ

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ৫:৫৭:০৭ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদকঃ

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আমন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে গিয়ে বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন (শান্ত) হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় গৌরনদী থানায় পলাশ তালুকদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 

রোববার (২৪ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে গৌরনদী বন্দরে পলাশ তালুকদারের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। হামলায় মিনহাজুল আবেদিন আহত হয়েছেন বলে বিডি ক্লিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

 

 

বিডি ক্লিনের সদস্যদের অভিযোগ, পলাশ তালুকদার একসময় সংগঠনটির সদস্য ও বরিশাল জেলা সমন্বয়কের দায়িত্ব পালন করতেন। তবে উগ্র আচরণ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কয়েক মাস আগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে গৌরনদীতে অবস্থানরত বিডি ক্লিনের সদস্যদের সংগঠনের কার্যক্রমে অংশ না নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ তাদের।

 

 

সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনায় গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবীদের নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আমন্ত্রণে মিনহাজুল আবেদিন শান্তর নেতৃত্বে বিডি ক্লিনের একটি প্রতিনিধি দল ওই সভায় অংশ নেয়। এরপর থেকেই শান্তসহ কয়েকজন বিডি ক্লিন সদস্যকে পলাশ তালুকদার হুমকি-ধমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

 

 

অভিযোগে আরও বলা হয়, রোববার দুপুরে শান্ত গৌরনদী বন্দরে পলাশ তালুকদারের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন বলে বিডি ক্লিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

 

 

এ ঘটনায় বিডি ক্লিন পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।

 

 

তবে এ বিষয়ে অভিযুক্ত পলাশ তালুকদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content